প্রকাশিত খবর ও সম্পাদকীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ২ সেপ্টেম্বর সম্পাদকীয়তে এবং প্রথম আলো অনলাইনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সুবিধা বিতরণ; মুক্তিযোদ্ধা ও সনদকে এভাবে হেয় করবেন না’ শীর্ষক সম্পাদকীয় মতামত প্রকাশিত ও প্রচারিত হয়েছে, তার প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এ ছাড়া ইতিপূর্বে প্রথম আলো পত্রিকায় গত ২৯ আগস্ট ২০১৪ প্রকাশিত ‘মুক্তিযোদ্ধা সনদ ছাড়াই চাকরির মেয়াদ বাড়ল পাঁচ অধ্যাপকের’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রকাশিত উপর্যুক্ত প্রতিবেদনটি এবং সম্পাদকীয় মতামত বিভ্রান্তিকর বিধায় এ সংক্রান্ত ব্যাখ্যা নিম্নে উপস্থাপিত হলো:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট (২৩.০৪.২০১৪) কর্তৃক মুক্তিযোদ্ধা হিসেবে অবসর গ্রহণের বয়স দুই বছর বৃদ্ধিসংক্রান্ত সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের পরিপত্রের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অবসর গ্রহণের বয়স বৃদ্ধিবিষয়ক বাংলাদেশ গেজেট অনুযায়ী পুনরায় এক বছর বৃদ্ধির বিষয়টি বর্তমানে সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
গত ২২.০৬.২০১৪ তারিখের সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তাসহ ছয়জনের বিষয়ে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, ‘মুক্তিযোদ্ধা হিসেবে সনদ জমা দিবেন এই মর্মে তাঁহাদের চাকরির মেয়াদ দুই বছর বর্ধিত করা হইল।’ তবে ওই সিদ্ধান্ত গ্রহণকালে উল্লেখিত শিক্ষক ও কর্মকর্তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আবেদনপত্রে যেসব প্রমাণ জমা দিয়েছিলেন, সেগুলো গ্রহণ করা হয়, সংযুক্তকৃত সনদের প্রমাণাদিসংবলিত আবেদনপত্র মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গ্রহণের পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের পত্রে উল্লেখিত ‘গেজেটে অন্তর্ভুক্তির জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামোকা) সুপারিশ প্রয়োজন এবং বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমিটি না থাকায় সুপারিশ কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে’, বিষয়টি বিবেচনায় নিয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যেহেতু ওই শিক্ষকদের মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকা ব্যক্তি ছিলেন এবং যেহেতু ২৯ জুন তাঁহাদের অবসর গ্রহণের তারিখ ছিল এবং যেহেতু ১ জুলাই থেকে তাঁহাদের প্রশাসনিক দায়িত্ব পালনের আদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং যেহেতু আবেদনকারীদের কেউ কেউ প্রচলিত গেজেটে অন্তর্ভুক্ত আছেন এবং বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত হিসেবে বহাল আছেন, সেহেতু সিন্ডিকেট চাকরি বৃদ্ধিবিষয়ক উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এখানে উল্লেখ্য, আরও শিক্ষক মুক্তিযোদ্ধা হিসেবে বয়স বৃদ্ধি করেছেন, প্রতিবেদনে এ বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। প্রতিবেদন প্রণয়নে যেসব শিক্ষকের মতামত গ্রহণ করা হয়েছে এবং যেসব সিন্ডিকেট সদস্য ভিন্নমত পোষণ করেছেন বলে জানানো হয়েছে, এ কথাগুলোও আংশিক সত্য। কারণ, পরবর্তীকালে কোনো কোনো আবেদনকারী শিক্ষকের মুক্তিযোদ্ধা হিসেবে বয়স বৃদ্ধি বিষয়ে তাঁরা অসম্মতি জানাননি।
আপনার প্রকাশিত সম্পাদকীয়তে ‘একটি ব্যাখ্যা জরুরি’ বিবেচনায় এনে ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অনুধাবন করে জনমনে বিভ্রান্তি নিরসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ব্যাখ্যাটি আপনার পত্রিকার আগামীকালের সংখ্যায় যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ড. নূর-ই-ইসলাম
পরিচালক (ভারপ্রাপ্ত), জনসংযোগ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।