ঝুম বৃষ্টি হচ্ছে। চারদিকে থইথই পানি। নদীগুলো যৌবন ফিরে পেয়েছে। বৃষ্টিতে সদ্য ডিম পাড়া পাখিগুলোর খুব অসুবিধা হয়। বাসাগুলো ভিজে ভার হয়ে মাটিতে অথবা পানিতে পড়ে যায়। তখন ডিমগুলো ভেসে যায় অথবা নষ্ট হয়ে যায়! রাস্তায় হাঁটার সময় দেখলাম পাখির বাসা পড়ে আছে। দেখলাম, কয়েকটি ছোট্ট শিশু হুল্লোড় করে পাখির বাচ্চাটিকে নিয়ে খেলা করার চেষ্টা করছে। অবাক হয়ে দেখলাম, ভিজে কুঁকড়ে যাওয়া পাখির বাচ্চাটির অসহায়ত্বে কারও মনোযোগ নেই। এদিকে মা–পাখিটির সে কী চিৎকার।
কিন্তু কেউ যেন সে চিৎকার শুনছে না। পাখির বাচ্চাটির অসহায়ত্ব যেন শিশুদের আনন্দের খোরাক। কথা হচ্ছে, আমাদের সন্তানদের এই দয়াহীনতা কি পরবর্তী জীবনে তাদের স্বার্থপর করে তুলছে না? সন্তানদের ছোট বয়সেই দয়ামায়ার শিক্ষা দিতে হবে। যে শিক্ষা প্রকৃতি দিয়েই শুরু করা উচিত।
মনে রাখা উচিত, পিতা–মাতা হিসেবে আমরা যদি সন্তানদের এ শিক্ষা না দিই, তাহলে পরবর্তী জীবনে আমরাই নিজেদের সন্তানদের নিষ্ঠুরতার শিকার হতে পারি।
সাঈদ চৌধুরী, গাজীপুর।