বর্তমানে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বেশ প্রকট আকার ধারণ করছে। প্রতিটি নিয়োগ পরীক্ষাতেই জালিয়াতি হচ্ছে। সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের চার সদস্যসহ আট শিক্ষার্থীকে আটক করেছে র্যাব। তাঁদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের, একজন সমাজকল্যাণ ও একজন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এ ছাড়া গাইবান্ধায় অসদুপায় অবলম্বনের জন্য ৩২ ও বরিশালে ১৯ জন শিক্ষার্থী কারাদণ্ড ও জরিমানার শিকার হয়েছেন। এসব জালিয়াতির মধ্যে আবার নতুন আতঙ্ক হচ্ছে ‘প্রক্সি এক্সাম’, সম্প্রতি বরিশালে এ কাজ করতে এসে ১৯ শিক্ষার্থী কারাদণ্ড ও জরিমানার শিকার হয়েছেন।
এ ছাড়া আমার ব্যক্তিগতভাবে পরিচিত অনেক শিক্ষার্থীই নিয়োগ পরীক্ষায় প্রক্সি এক্সাম দিয়ে থাকেন। প্রায় প্রতিটি নিয়োগ পরীক্ষাতেই থাকে প্রক্সি শিক্ষার্থী, যদিও এর সংখ্যা কমবেশি ৫ শতাংশ হবে। এভাবে চলতে থাকলে তো রাষ্ট্রের কোথাও মেধার স্থান থাকবে না।
মো. আরিফ হোসেন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।