প্রতিকার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ছেলে মো. সামিউল হক খান রাফি মিরপুর গ্লোরি স্কুল থেকে ২০১২ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে, যার গেজেট রোল নম্বর ১৫৭৬। ২০১৩ সালে তাকে টঙ্গী পাইলট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করাই এবং নিয়মিত ছাত্র হিসেবে অনুষ্ঠিত সব পরীক্ষায় অংশ নিয়ে সে পাস করে। ২০১৪ সালের জানুয়ারিতে সফিউদ্দিন সরকার একাডেমিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে সে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। আমি ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য টঙ্গী পাইলট স্কুলের অধ্যক্ষ বরাবর দরখাস্ত দিয়েও অদ্যাবধি সার্টিফিকেট পাইনি।

একপর্যায়ে তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘পাশাপাশি স্কুল বিধায় ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া যাবে না। আপনারা যা পারেন করেন গিয়ে।’ আমি ব্যাপারটি সফিউদ্দিন স্কুলের কর্তৃপক্ষকে জানালে তারা একটি দরখাস্ত দিতে বলে যে, ট্রান্সফার সার্টিফিকেট আমি পরে দেব, এই বলে। কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিলে তারা আমার ছেলেকে সপ্তম শ্রেণিতে ভর্তি করে। কিন্তু সফিউদ্দিন স্কুলে ট্রান্সফার সার্টিফিকেট জমা না দেওয়ায় চলতি বছর বৃত্তির টাকা তোলা যায়নি।

স্কুল কর্তৃপক্ষ কিছুদিন পর পর আমাকে তাগিদ দিয়ে আসছে ট্রান্সফার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য। সার্টিফিকেটটি পাওয়ার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

মো. হানিফ খান, টঙ্গী, গাজীপুর।