প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর ৩১ মে রোববারের ‘মঞ্জুর হত্যায় এরশাদের আশ্চর্য জবানবন্দি’ শীর্ষক প্রবন্ধের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই প্রবন্ধে বলা হয়েছে, ‘চট্টগ্রামের তৎকালীন ডেপুটি কমিশনার জিয়াউদ্দিন তার বইয়ে যদিও মন্তব্য করেছেন যে ওই সময়ের ডিআইজি (পরে আইজিপি) শাহজাহান মঞ্জুর হত্যাকাণ্ড সম্পর্কে ভালোভাবে অবহিত। কিন্তু মো. শাহজাহান তা অস্বীকার করেছেন।’
জিয়াউদ্দিন চৌধুরীর Assassination of ZIAUR RAHMAN and the Aftermath বইয়ের ১৪ অধ্যায়ে The second assassination-এর ৫ নম্বর প্যারাগ্রাফে লেখকের উক্তি ‘Shahjahan Knew better than to ask Brig. Aziz how Manzoor had died’ এর বাংলায় অনুবাদ করে মিজানুর রহমান খান তাঁর নিবন্ধে উল্লেখ করেছেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন, একটি টেলিফোন কথোপকথনের ভিত্তিতে মন্তব্যটি করা হয়েছে। সেই কথোপকথনটি হয়েছিল ব্রিগেডিয়ার আজিজ ও তৎকালীন বিভাগীয় কমিশনারের মধ্যে। আমার ও ব্রিগেডিয়ার আজিজের মধ্যে ওই বৈঠকে বসা অবস্থায় টেলিফোনে বাক্যালাপ হয়নি। সুতরাং লেখকের এই মন্তব্য মোটেই সঠিক নয়। উক্তিটির ইংরেজি শব্দ চয়ন বেশ জটিল ও দুর্বোধ্য বলে আমার নিকট প্রতীয়মান হয়। তা ছাড়া, বাক্যটি সঠিক অর্থবহ বলে মনে হয় না।
এখানে আরও উল্লেখ্য, জেনারেল মঞ্জুরের নিহত হওয়ার সংবাদ বেতার ও টেলিভিশনে ২ জুন, ১৯৮১ তারিখ সকালে প্রচারিত হয়। বৈঠকে যাওয়ার আগেই আমরা এ বিষয়ে অবহিত হই।
উক্ত বিষয়ে ২০১০ সালে আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রথম আদালত, ঢাকায় সাক্ষ্য প্রদান করেছি। আশা করি, এই চিঠির মাধ্যমে আমার অবস্থান পরিষ্কার করতে পেরেছি।
এএসএম শাহজাহান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা,
সাবেক মহাপরিদর্শক (আইজি), বাংলাদেশ পুলিশ