গত ২৬ অক্টোবরের সাক্ষাৎকারটির জন্য শামসুল হককে ধন্যবাদ। আপনার অনাস্থা সরকারের ওপর, পুলিশের ওপর, জনশৃঙ্খলার ওপর। আস্থা বিশ্বব্যাংকের ওপর। সব সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর প্রতিবেদন ছাপা হয় না। সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়ন, রক্ষণাবেক্ষণ ও তদারকি সব ক্ষেত্রেই বিশৃঙ্খলা। তিনি বলেছেন, উন্নয়ন-সহযোগীরা গাড়ি, পার্টস ইত্যাদির ব্যবসায়িক স্বার্থে সড়ক উন্নয়নে আগ্রহী। তারপর লিখেছেন, ৩৫ মিনিট মহাসড়কে গাড়ি চালানোর পরীক্ষা নেওয়া বিধানসম্মত। এসবের সঙ্গেই আমি একমত।
প্রতিদিন সড়কে ৪০০টি নতুন গাড়ি নামছে। বিআরটিএর মতে, সড়কে এখন গাড়ির সংখ্যা ৫১ লাখ। এসব যানবাহনের ফিটনেস গ্রহণের দিনটিতে দেশের সাতটি স্থানে পরীক্ষা গ্রহণের জন্য যে সময় প্রয়োজন, বাস্তবে যে সে সময় পওয়া যাচ্ছে না, তা বলাই বাহুল্য।
অনিরাপদ যানবাহন এবং অদক্ষ চালকের হাতে ক্রমবর্ধমান হারে যাত্রীরা নিহত, আহত ও পঙ্গু হতে থাকবে। আপনি ভারত ও চীনের সঙ্গে আমাদের তুলনা করেছেন। ওই দুটি দেশের আয়তন কত? জনসংখ্যা কত? তা একবারও বলেননি। সড়কের বিভিন্ন শ্রেণিতে প্রবেশ নিষেধের যে চিত্রকল্প আপনি এঁকেছেন, তা প্রয়োগ করতে একটি পুলিশরাষ্ট্র কেন, র্যাবরাষ্ট্রও সক্ষম হবে বলে মনে হয় না।
ফুটপাত দখলমুক্ত করা কি বাস্তবসম্মত? আর অর্থনীতির সমৃদ্ধির সঙ্গে সঙ্গে জনসংখ্যার একটি অংশ ব্যক্তিগত গাড়ি ক্রয় করবেই। আপনি বলেছেন, সরকার স্বঘোষিত চালককে উৎসাহিত করছে। এখনই বাসের ছাদে মানুষ চড়ছে কতজন? নতুন চালক না হলে নতুন যানবাহন চালাবে কে? এর মানে এই নয় যে স্বঘোষিত হত্যাকারী চালকের হাতে যানবাহন তুলে দিতে হবে। কিন্তু চালক, যাত্রী ও মালিকের স্বার্থে তা অমোঘভাবে ঘটবেই।
গাড়ির ব্যবসায় ডোনারদের লাভ কেন, যারা আমরা গাড়িতে চড়ছি তাদের স্বার্থ নেই? কথা হচ্ছে, ঘর বানিয়েছি পাঁচজনের জন্য, কিন্তু থাকছি ১৭ জন। ৫৬ হাজার বর্গমাইলে ১৭ কোটি মানুষই যে এই সংকটের প্রধান কারণ, তা আপনার সাক্ষাৎকারে বিন্দুমাত্র প্রতিফলিত নয়।
মাসুদ আহমেদ, সাবেক সচিব, ঢাকা।