আমাদের দেশের প্রতিবন্ধীরা যানবাহনে চলাফেরা করার সময় প্রায়ই বিড়ম্বনার শিকার হন। প্রতিবন্ধী হলেও প্রতিদিন জীবিকার উদ্দেশে জীবনটা হাতে নিয়ে উপজেলা শহরে বাসে চড়ে টিউশনি করতে যেতাম। গত বছর জুন মাসের কোনো এক দিন খুলনা-মেহেরপুর রুটের লোকাল বাসের হেলপার আমাকে নির্ধারিত স্থানে না নামিয়ে একটু দূরে গিয়ে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এমনটা আমার কল্পনারও বাইরে ছিল।
স্থানীয় একটা বাস কাউন্টারে এ বিষয়ে অভিযোগ করে ফলাফল হিসেবে উপহাস পাই। এ ছাড়া এখানকার গাড়ির সুপারভাইজাররা আমাদের মতো অসহায়দের প্রতি একটুও সৌজন্যবোধ দেখান না। আমার মতো অসহায় প্রতিবন্ধীরা অনেক ক্ষেত্রে ন্যূনতম মানবিক সহযোগিতা পাচ্ছে না। প্রতিবন্ধীদের জন্য প্রণীত নীতিমালা যদি সবাই মেনে চলে, তাহলে আমার মতো অসহায় প্রতিবন্ধীরা বাসের হেলপারের ধাক্কা খেয়ে শারীরিকভাবে জখম হবে না।
প্রতিবন্ধীদের জন্য সরকার নানা কিছু করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনোভাবের পরিবর্তন না হলে এসব কখনোই কার্যকর হবে না।
কিন্তু সবার ভেবে দেখা উচিত, প্রতিবন্ধীদের প্রতি সম্মান না দেখানো কি সভ্যতার পরিচায়ক?
ডা. মো. বাবুল আকতার খান
ঝিনাইদহ।