প্রবাসীদের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে প্রচুর লোক চাকরি করতে বিদেশে যান। সেখানে তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করেন। সেই অর্থই তাঁরা দেশে পাঠান। তাঁদের প্রেরিত অর্থে দেশের উন্নতি ঘটে। কিন্তু এই প্রবাসীরা বিদেশে কেমন থাকেন?
শোনা যায়, তাঁদের অধিকাংশই বিদেশে অস্বাস্থ্যকর, দুশ্চিন্তাগ্রস্ত ও বিনোদনহীন জীবনযাপন করেন। অথচ তাঁরা বিদেশে ভালোভাবে থাকার অধিকার রাখেন।
যাঁরা চাকরির জন্য বিদেশে যান, তাঁদের দেখাশোনা করার নৈতিক দায়িত্ব সরকারের। সংশ্লিষ্ট দেশের সরকারেরও দায়িত্ব আছে। দূতাবাসের মাধ্যমে সরকার এ কাজের সমাধান করতে পারেন বৈদেশিক নিয়োগদাতার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে।
মনে রাখতে হবে, দেশের মায়া ত্যাগ করে লোকজন অর্থ উপার্জনের জন্যই বিদেশে যান। আত্মীয়স্বজনের মুখে হাসি ফোটে তাঁদের উপার্জিত অর্থের মাধ্যমে।
যেহেতু তাঁরা দেশের কল্যাণ করছেন, সেহেতু বিদেশে তাঁদের সুবিধা-অসুবিধার প্রতি সরকার নজর রাখবে, সেটাই কামনা করি।
মো. কামরুল হোসেন
ময়মনসিংহ।