প্রবীণ ব্যক্তিদের সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি এক অনুষ্ঠানে ৬০ বছর ও তার বেশি বয়সী প্রবীণ ব্যক্তিদের দেশের জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি। সে সঙ্গে প্রবীণ ব্যক্তিদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা যেমন স্বল্পমূল্যে ও অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্য, আবাসন, যানবাহন ইত্যাদিতে সুবিধাদানের জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রবীণ ব্যক্তিদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার ওপর রাষ্ট্রপতি গুরুত্ব আরোপ করে ব্যাংক, হাসপাতাল, অফিস-আদালতসহ নাগরিকসেবার সর্বক্ষেত্রে ৬০ বছর ও তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার কথা ব্যক্ত করেছেন। তিনি নিজেও বর্তমানে সত্তরোর্ধ্ব প্রবীণ। 

প্রবীণ ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতি মহোদয়ের বর্ণিত সহমর্মিতার আলোকে দেশের সেবা প্রদানকারী ক্ষেত্রগুলো যথাযথ ব্যবস্থা নেবে— এই কামনা করে নিম্নোক্ত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ রইল।

অর্থ মন্ত্রণালয় তথা জাতীয় সঞ্চয় পরিদপ্তর ও পে-কমিশনের প্রতি সবিনয় আবেদন, জাতীয় সঞ্চয় পরিদপ্তর কর্তৃক ৬৫ বছর বয়সী পুরুষদের জন্য যে বিশেষ সঞ্চয়পত্রের ব্যবস্থা রয়েছে, তা ৬০ বছর বয়সী পুরুষদের জন্যও প্রযোজ্য করা হোক। প্রবীণ পেনশনভোগীদের অবসরে যাওয়ার আগের মূল বেতনের সমপরিমাণে দ্বিগুণ উৎসব-ভাতা দেওয়া হোক। ৬০ বছর বয়সীদের (সিনিয়র সিটিজেন) চিকিৎসা ভাতার পরিমাণ বর্তমানে প্রচলিত ৬৫ বছর বয়সীদের সমপরিমাণ করা হোক।

ট্রেনে, বাসে, লঞ্চে, স্টিমারে, বিমানে ৬০ বছর ও তার বেশি বয়সী সর্বস্তরের প্রবীণ নাগরিকদের জন্য হ্রাসকৃত মূল্যে ও অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের ব্যবস্থা করা হোক। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ব্যবস্থা প্রচলিত আছে।

সুনীল বরণ চৌধুরী

সাতকানিয়া, চট্টগ্রাম।