আধুনিক প্রযুক্তিবিদ্যার যুগে আমাদের সবার ঘরবাড়িতেই আজ স্মার্ট টেকনোলজিক্যাল ডিভাইস আছে। উন্নত মানের মোবাইল, পারসোনাল কম্পিউটার, টেলিভিশন, টেলিভিশনের সঙ্গে যুক্ত গেমিং ডিভাইসসহ আরও অনেক গ্যাজেটই আমাদের ঘরবাড়িতে রয়েছে। আমরা প্রাপ্তবয়স্করা সবাই সারা দিন ব্যস্ত থাকি আমাদের মোবাইল আর কম্পিউটার নিয়ে।
আর এ জন্য আমরা পরিবারের শিশুদের পর্যাপ্ত সময় দিতে পারি না, যার কারণে শিশুরা মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড়দের সংস্পর্শের অভাবে তারা একা একা, নিজেরা নিজেরা বড় হচ্ছে।
এ ছাড়া আজকাল কম বয়সী শিশুদের হাতে ইলেকট্রনিক ডিভাইস তুলে দেওয়া হচ্ছে। ফলে তারা এগুলোর প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে। তাদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে, তারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলছে। এ বিষয়ে আমরা যথাসময়ে সতর্ক না হলে আমাদের শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হবে। প্রযুক্তির অপব্যবহার রোধে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
তানহার আহমেদ চৌধুরী, শিক্ষার্থী, সিলেট।