প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে উপাদানগুলো প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পূর্বশর্ত হিসেবে কাজ করে, তার মধ্যে প্রশিক্ষণ হলো অন্যতম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আবশ্যিকভাবে সিএনএড কোর্স সম্পন্ন করতে হয় সবাইকে, যা শিক্ষকদের মানোন্নয়নে অনেক বড় ভূমিকা রাখে। আরও প্রশংসার ব্যাপার হচ্ছে, বর্তমানে নিয়োগের পরপরই একজন শিক্ষককে সিএনএড কোর্স সম্পন্ন করতে হয়, যা পরবর্তী সময়ে পাঠদানসহ বিভিন্ন ব্যাপারে অভিজ্ঞতা হিসেবে সহায়তা করে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণ ও নির্দিষ্ট বিষয়ভিত্তিক প্রশিক্ষণ। কিন্তু অনেক সময় দেখা যায় সব শিক্ষক সমানভাবে কিংবা সমান হারে সুযোগ পান না। অনেকে আবার প্রশিক্ষণকে এড়িয়ে যেতে
পছন্দ করেন। আবার অনেক সময় দেখা যায় স্বজনপ্রীতি কিংবা পদাধিকার বলের অভাবে অনেক যোগ্য শিক্ষকও বিভিন্ন সময়ে বাদ পড়ে থাকেন, যা কখনোই কাম্য নয়। অনেকে আবার প্রশিক্ষণের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার মনোবাসনায় থাকেন। প্রশিক্ষণের গভীরতা সুপ্তই থেকে যায় এই ক্ষেত্রে।
প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণসহ সবগুলো প্রশিক্ষণই একজন শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো সংশ্লিষ্ট বিদ্যালয়ের আরও বিশাল দায়িত্ব।
কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, তা কাগজে-কলমে আর সময় পার করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সে জন্য প্রয়োজন প্রতিটি প্রশিক্ষণের পরপরই প্রশিক্ষণে অংশগ্রহণ করা শিক্ষকেরা বিদ্যালয়ে তা কীভাবে কাজে লাগালেন, তা যাচাই করার জন্য কমিটি গঠন করা। সেই সঙ্গে সব শিক্ষক যাতে প্রশিক্ষণের সুযোগ পান, সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি, তবেই প্রশিক্ষণের কাজে শতভাগ সফলতা আসবে।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।