প্রশ্ন ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা মুখে যতই বলি না কেন দেশ এগোচ্ছে, সত্যি কি ব্যাপারটা তা-ই? হ্যাঁ, দেশ এগোচ্ছে, তবে তা অসৎ, দুর্নীতিবাজদের জয়ধ্বনি শুনে এবং তাদের বিজয় উৎসব দেখে মনে হয়। একটি দেশকে ধ্বংস করার জন্য শুধু তার শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়াটাই যথেষ্ট। আর অত্যন্ত সুকৌশলে আমাদের দেশে এই কাজটি হচ্ছে।
একজন অভিভাবক হিসেবে সব সময় চেয়েছি, আমার সন্তানেরা যেন সারা জীবন সৎ থাকে। কিন্তু আফসোস, তারা অসৎ মানুষদের মাঝে বেড়ে উঠছে। দেখছে বড়দের নোংরামি। ছেলেবেলায় তারা দেখেছে স্কুলে শিক্ষকদের কাছে যারা পড়ে, তারা আগেই প্রশ্ন পেয়ে যায়। তখন আমি তাদের বলেছি, ‘দেখিস, এই ছেলেমেয়েরা বোর্ড পরীক্ষায় ঠিকই আটকে যাবে!’ কিন্তু আফসোস, সেই ধারাবাহিকতায় বোর্ড পরীক্ষার প্রশ্ন বের হয়ে গেল। আমি ওদের করুণ মুখের দিকে তাকিয়ে বললাম, চিন্তা করিস না, ওরা ঠিকই ভর্তি পরীক্ষায় ধরা পড়বে। কিন্তু সেই ভর্তি পরীক্ষার প্রশ্নও ফাঁস হলো। আমি এখন কী বলব তাদের?
এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের সৎ মেধাবীরা কি এভাবে অসৎ অপশক্তির কাছে বারবার হেরে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনি কেন প্রশ্ন ফাঁস ঠেকাতে পারলেন না? দয়া করে বিতর্কিত পরীক্ষাটি নতুন করে নিন! তা না হলে এই দেশের সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।