জেএসসি, এসএসসি, এইচএসসির পর এবার সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রচলন শুরু হয়েছে। একদিকে প্রশ্ন ফাঁসের মহাযজ্ঞ, অন্যদিকে কর্মসংস্থানের সীমাবদ্ধতা—এ অবস্থায় সততার মূল্য কোথায়? আমরা চাই না, আমরা যারা কম পড়াশোনা করি বা পরীক্ষা খারাপ দিই, তারা চাকরি পাই বা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হই। কিন্তু যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে, নির্ঘুম রাত জেগে পড়াশোনা করে চাকরির আশায়, প্রশ্ন ফাঁসের কারণে তাঁদের চাকরি না পাওয়া সত্যিই আমাদের হতাশ ও হতবিহ্বল করে তোলে।
একজন তরুণ শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রাণপণ চেষ্টা করেন, বিশেষ করে সরকারি চাকরি লাভের আশায়। কিন্তু তাঁদের সেই আশা-স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যায় যখন পরীক্ষায় প্রশ্ন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনো পরীক্ষায় একবার প্রশ্ন ফাঁস হলে আমরা আশায় থাকি, সামনের পরীক্ষা সুষ্ঠুভাবে হবে। কিন্তু প্রশ্ন ফাঁসের এই ধারাবাহিকতা চলতে থাকলে চাকরি পাওয়ার আশা ক্রমেই ফিকে হয়ে যায়, আশা নিরাশায় পরিণত হয়। এতে দেশ আপাতদৃষ্টিতে উন্নত হলেও অযোগ্যদের শাসনে রাষ্ট্রীয় কাঠামো দু্র্বল হয়ে পড়বে। সেটা নিশ্চয়ই আমাদের কাম্য নয়।
মো. রাফিউল ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।