এবারের প্রাথমিকের বইয়ের ভুল নিয়ে কথা হচ্ছে। প্রথম শ্রেণির বইয়ে ‘ওড়না’ শব্দটির ব্যবহার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে । তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ‘আদর্শ ছেলে’ কবিতাটি সম্পূর্ণ বিকৃত করা হয়েছে।
একটি ভুল যখন হয়, তখন দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াই জরুরি। ‘আদর্শ ছেলে’ কবিতাটি যেভাবে লেখা হয়েছে, তা খুবই লজ্জাজনক। ছেলেমেয়েরা পড়ে কী শিখবে? এই প্রশ্নের আগের প্রশ্নটিই হলো, আমরা তাদের কী শিক্ষা দিতে পারছি। যদি বইয়ে ভুল থাকে, তবে অবশ্যই না বুঝে অনেকে ভুল শিখবে । ‘ওড়নার’ ব্যাপারটি ইতিমধ্যে লজ্জার পর্যায়ে পৌঁছে গেছে!
বিষয়টা আরও অবাক করে এ কারণে যে বইগুলো দেশের শীর্ষস্থানীয় লোকজনের দ্বারা সম্পাদিত হওয়ার পর অনুমোদন দেওয়া হয়। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বইগুলো সম্পাদনা করা হয়নি। আমরা পাঠ্যবই একেবারে স্বচ্ছভাবে দেখতে চাই। বিশেষ করে নজরে আসার ব্যাপার হলো, বাংলা বইয়েই ভুলগুলো বেশি দেখা যাচ্ছে। এর মানে কি এই যে আমাদের ভাষা ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এসব করা হয়েছে?
এমনিতেই শিক্ষা নিয়ে অভিযোগের অন্ত নেই। এখন আবার ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো এসেছে পাঠ্যপুস্তকের ভুল। প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় শিক্ষার্থীদের কী হবে আর জাতিরই বা কী হবে?
সাঈদ চৌধুরী
গাজীপুর।