প্রশ্নপত্র ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতি আমাদের দেশে নতুন । দেশের অধিকাংশ ছেলেমেয়ে এই পদ্ধতি নিয়ে ছিল ভীত। শিক্ষকেরাও ছিলেন অনেকটাই অপরিচিত। এমতাবস্থায় এই পদ্ধতিটি গ্রহণ করে সরকার ছিল বিপাকে। কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে সব গেল শেষ হয়ে। 
খবরটিতে আগে যতটা বিস্ময় অনুভব হতো, এখন আর অতটা হয় না। এর মধ্য দিয়ে শিক্ষাব্যবস্থার কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেওয়া হলো। আমরা না পারলাম একটি শিক্ষণমূলক শিক্ষাব্যবস্থা গঠন করতে, না পারলাম শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে। ফলে
এই ব্যবস্থা নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষাও কোনো কাজে এল না।
আবার যারা প্রশ্নপত্র ফাঁস করছে, তাদের ধরার ব্যাপারেও সরকারের তেমন উদ্যোগ চোখে পড়ছে না। অথচ শিক্ষামন্ত্রী ফেসবুক বন্ধ করার কথা বলছেন, কিন্তু সেটা করেও কী এই ফাঁস ঠেকানো সম্ভব হবে! প্রশ্ন ফাঁসের তো বহু উপায়ই আছে। আবার যারা প্রশ্নের গোপনীয়তা রক্ষার দায়িত্বে আছেন, তাদের জবাব কী চাওয়া হয়েছে?
সরকারের উচ্চপদস্থ কর্তাদের সন্তানেরা পড়াশোনা করে ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইংরেজি মাধ্যমে অথবা দেশের বাইরের কোনো প্রতিষ্ঠানে।
সে কারণেই কি এ দেশের শিক্ষাব্যবস্থার ত্রুটি সংস্কারে তাদের আগ্রহ নেই। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোচিং সেন্টারসহ যে অশুভ শক্তি জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় শুধু মৌখিক নির্দেশে কাজ হবে না। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদেরও সজাগ হতে হবে। অভিভাবকদের কাছে আবেদন, তাঁরা যেন ফাঁস হওয়া প্রশ্ন কোনোভাবেই সন্তানদের হাতে তুলে না দেন।
সালাহউদ্দিন আহমেদ, বগুড়া।