প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, পাবলিক পরীক্ষাগুলো সময়মতো সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা, সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া এবং শিক্ষা ব্যবস্থাপনায় সার্বিক উন্নয়ন করার জন্য বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছেন। কিন্তু বর্তমান সরকারের শাসনামলে সংঘটিত বেশ কয়েকটি প্রশ্ন ফাঁসের ঘটনা শিক্ষা মন্ত্রণালয়ের অর্জিত সুনাম ম্লান করে দিয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, তদন্ত কমিটি যথাযথ তদন্ত প্রতিবেদন জমা দেয়। কমিটি শুধু ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রোধকল্পে কিছু সুপারিশ পেশ করে থাকে। কমিটি প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় এনে শাস্তি প্রদানসংবলিত কোনো সুপারিশ করেছে কি না, পত্রিকান্তরে জনগণ তা জানতে পারে না।
প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের যত দিন উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা না করা হবে, তত দিন প্রশ্নপত্র ফাঁস রোধকল্পে যত ভালো পদক্ষেপই নেওয়া হোক না কেন, এই কারসাজি বন্ধ করা যাবে না।
প্রয়োজন হচ্ছে, সন্দেহাতীতভাবে প্রমাণিত অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার দৃষ্টি আকর্ষণ করছি।
মাহতাব আলী, মিরপুর, ঢাকা।