
দেশে যেন প্রশ্নপত্র ফাঁসের উৎসব চলছে। এর আগে পিএসসির প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবার অভিযোগ উঠেছে, মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সরকার এ ব্যাপারে খুব একটা নজর দিচ্ছে বলে মনে হয় না। মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া জাতির জন্য অত্যন্ত পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু পীড়ার ব্যাপারই নয়, জীবন-মরণেরও ব্যাপার। কারণ, অযোগ্য শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হলে তাঁরা রোগীদের কী চিকিৎসা দেবেন। রোগী হিসেবে আমরাও তাঁদের কাছ থেকে চিকিৎসা নিতে স্বস্তি বোধ করব না।
আবার যে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে পড়াশোনা করেছেন, তাঁদের অনেকেই এ কারণে ভর্তি হতে পারলেন না। সেটা তাঁদের জন্য অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্র তাঁদের কাছে কী জবাব দেবে। এভাবে চলতে থাকলে দেশের মেধাবী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ স্থানে আসতে পারবেন না। তাঁরা মেধাহীনদের ভিড়ে হারিয়ে যাবেন। সে পরিস্থিতি সৃষ্টি হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব, সেটা এখনই আমাদের ভেবে দেখতে হবে।
সাইদুল হাসান
টাঙ্গাইল।