সংবাদপত্রের পরিসংখ্যান অনুসারে, গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭০ জনেরও বেশি, আর আহত হয়েছেন প্রায় ৮০০। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৭ জন মৃত্যুবরণ আর ৮০ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা বাংলাদেশে নতুন নয়। তবে প্রতিদিন যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে, তাতে একে সামাজিক দুর্যোগ বললে অত্যুক্তি হবে না। আবার দুর্ঘটনার হার বিবেচনা করলে এটাকে এখন দুর্ঘটনা না বলে ঘটনাও বলা যায়। দুর্ঘটনা এড়াতে বাসসহ সব পাবলিক পরিবহনে সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা যেতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অন্য রকম মনে হলেও বিশ্বের বিভিন্ন উন্নত দেশে অনেক আগে থেকেই এর প্রচলন রয়েছে। উন্নত দেশে সিটবেল্ট ব্যবহারের আইন রয়েছে এবং কঠোরভাবে তা মানাও হয়।
আমাদের অধিকাংশ দুর্ঘটনা হয় মুখোমুখি সংঘর্ষের কারণে। আর এভাবে সংঘর্ষের ফলে যাত্রীরা যানবাহন থেকে ছিটকে পড়েন। সিটবেল্ট একজন যাত্রীকে এ অবস্থায় গুরুতর আঘাত পাওয়া থেকে রক্ষা করতে পারে। সড়ক দুর্ঘটনা নিয়ে যাঁরা গবেষণা করছেন, যেসব সংগঠন কাজ করছে, এ ব্যাপারে তাদেরসহ সরকারের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি।
সাজ্জাদ হোসেন
ঝিনাইদহ।