প্রাথমিক শিক্ষকদের বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি তিন বছর অ¯ন্তর বদলির রীতি প্রচলিত আছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষকেরা যুগ যুগ ধরে একই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন।
একই প্রতিষ্ঠানে কর্মরত থাকায় সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এতে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। আবার দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকায় অনেক শিক্ষক সংশ্লিষ্ট এলাকায় বাড়িঘর, দোকানপাট ও কোচিং–বাণিজ্যে জড়িয়ে পড়েছেন।
এ ছাড়া স্কুলগুলো বিভিন্ন স্যার বা ম্যাডামের নামে পরিচিতি পেয়েছে। অনেক ক্ষেত্রে শুধু প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয় ডুবতে বসেছে। তাই স্বেচ্ছা বদলির বদলে নিয়মতান্ত্রিক বদলির আদেশ শিগগিরই জারি করা দরকার, যাতে পাঁচ বছর পরপর তাঁদের বদলি করা যায়। বদলির ক্ষেত্রে যারা দীর্ঘদিন যাবৎ উপজেলা সদরে ও পৌর এলাকায় রয়েছেন, তাঁদের নিকটবর্তী ইউনিয়নে এবং যাঁরা দীর্ঘদিন ইউনিয়নে কর্মরত রয়েছেন, তাঁদের পৌর এলাকায় ও উপজেলা সদরে বদলি করা যেতে পারে।
বদলির ক্ষেত্রে শিক্ষকের যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিতে হবে। বদলি নীতিমালা পরিবর্তন করলে শহর ও গ্রামের শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর হবে এবং প্রাথমিক শিক্ষার মান বাড়বে।
মো. ফজলুল হক, নীলফামারী।