মানুষ তার প্রাপ্য না পেলে তার মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভ থেকে জন্ম নেয় দুঃখ, কষ্ট, বেদনা ও হতাশা। হতাশা মানুষকে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে বাধাগ্রস্ত করে। চারদিকে এখনো ঈদের অনাবিল আনন্দ। এর মাঝে প্রাথমিক শিক্ষকদের বুকে নিদারুণ হাহাকার। তাঁদের মন বলছে, কেন এমন হলো। দেড় বছরের মাথায় কেন কেড়ে নেওয়া হলো মর্যাদা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশ সত্ত্বেও তাঁরা আপগ্রেড থার্ড ক্লাস বেতন স্কেল পেলেন না।
ফলে চিরতরে হারিয়ে গেল চার-চারটি উৎসব বোনাসের বর্ধিত টাকা। সরকারি বিধিমোতাবেক বোনাসের বর্ধিত টাকার বকেয়া দেওয়া হয় না। বিগত আন্দোলনে প্রধান শিক্ষকেরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা পেলেও তাঁদের বেতন স্কেল ছিল থার্ড ক্লাস ৬ হাজার ৪০০ টাকার। এটা অনেকটা ছেলে ভোলানো প্রবাদের মতো। অন্যদিকে, সহকারী শিক্ষকদের দুই ধাপ নিচে বেতন স্কেল দিয়ে বৈষম্য সৃষ্টি করা হয়।
কথা হচ্ছে, যাঁরা জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন, তাঁদের এভাবে বঞ্চিত করা কাজের কথা নয়। এই বঞ্চিত মানুষেরা কী শিক্ষা দেবেন?
পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষকদের যথেষ্ট বেতন দেওয়া হয়, অথচ আমাদের দেশে শিক্ষকেরা সবচেয়ে অবহেলিত সম্প্রদায়। আশা করি, সরকার আমাদের বিষয়টি বিবেচনা করবে।
মো. সিদ্দিকুর রহমান
আহ্বায়ক, প্রাথমিক শিক্ষা অধিকার সুরক্ষা ফোরাম।