প্রাথমিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি প্রথা এবং বছরের প্রথম দিনই বিনা মূল্যে বই বিতরণ অভিভাবকদের মনে অনেকটা স্বস্তি বয়ে এনেছে। ভর্তির ক্ষেত্রে লটারি প্রথা চালু হওয়ায় স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি ও কোচিং-বাণিজ্য অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে। চলতি বছর সরকার স্কুল পর্যায়ে ভর্তির সর্বোচ্চ ফির সীমা নির্ধারণ করে দিয়েছে, নিঃসন্দেহে এটিও একটি ইতিবাচক পদক্ষেপ।
যদিও খোদ ঢাকা শহরের অনেক নামীদামি স্কুলের কর্তৃপক্ষ নানা অজুহাতে সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নিচ্ছে। তারা বিভিন্ন শ্রেণিতে পূর্বঘোষিত আসনসংখ্যা লঙ্ঘন করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ভর্তি-বাণিজ্য বা তথাকথিত ডোনেশনের নামে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এরা বেপরোয়া। অনেক শাখা খুলে এরা প্রচুর ছাত্রছাত্রী ভর্তি করছে, যেখানে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যাও অনেক। ফলে সেখানে কী শেখানো হবে, সেটা বলাই বাহুল্য।
ফলে অভিভাবকেরা বাধ্য হয়েই বাচ্চাদের নিয়ে সকাল-বিকেল বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করেন। এসব কোচিং সেন্টারে শুধু ‘নোট’ আর ‘শিট’ গেলানো হয়, পরীক্ষার খাতায় সেগুলো উগরে দিয়ে বেশি বেশি নম্বর পাওয়া নিশ্চিত করাই এর একমাত্র লক্ষ্য। বলা চলে, এ ধরনের স্কুলের কারণেই প্রাথমিক শ্রেণি থেকেই কোচিং–বাণিজ্যের রমরমা প্রসার ঘটছে, শিক্ষার্থীদের কোচিং-নির্ভরতা বাড়ছে। এই কোচিং চালু রাখার জন্য এরা নানা কূটকৌশলও প্রয়োগ করছে। কিন্তু এসব দেখার কি কেউ নেই?
শাহীদুল আযম, ঢাকা।