প্রাথমিক শিক্ষার বিভিন্ন সূচকে দেশের অগ্রগতি হয়েছে। বিগত ১৬ বছরে প্রাথমিক শিক্ষায় উন্নতির প্রমাণ তুলে ধরেছে একটি বেসরকারি সংস্থা। এতে বলা হয়েছে, বিদ্যালয়ে ভর্তির হারের সঙ্গে বেড়েছে প্রাথমিক শিক্ষা শেষ করা শিক্ষার্থীর সংখ্যা।
শিক্ষায় লিঙ্গভিত্তিক সমতাও একরকম এসেছে। প্রতিবেদনে শিক্ষকদের যোগ্যতার প্রসঙ্গও উঠে এসেছে। এতে বলা হয়েছে, ১৯৯৮ সালে যেখানে ৪৮ দশমিক ৩ শতাংশ শিক্ষকের ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি ছিল, ২০১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ২ শতাংশ। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই হার ৬৬ দশমিক ৯ শতাংশ। প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৬৩ দশমিক ৪ শতাংশ নারী শিক্ষক রয়েছেন। ১৬ বছর আগে এই হার ছিল অর্ধেক, অর্থাৎ ৩২ শতাংশ।
উন্নয়নের অন্যতম সূচক হলো শিক্ষা। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষার অগ্রগতির ভূয়সী প্রশংসা করা হয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারলে জাতি উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবে। কিন্তু তার জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে।
লোকমান আলী সোহেল, দিনাজপুর।