প্রাথমিক শিক্ষায় গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা অতীতের চেয়ে অনেক ভালো হলেও এর মান নিয়ে এখন সর্বত্র কথা হচ্ছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সামর্থ্য ও মেধা অনুযায়ী সহজ থেকে কঠিন অথবা কী কী সমন্বিত বিষয় থাকা দরকার, সে অনুযায়ী আছে কি না, তা নিয়ে চিন্তা করার সময় হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর মানসিক ও শারীরিক অবস্থা যাচাই এবং তার পারিপার্শ্বিক পরিবেশ আমলে নিয়ে পাঠদান হচ্ছে কি না, তা-ও ভেবে দেখার বিষয়।

পাঠ্যক্রমে নানা অসংগতি, সংশ্লিষ্ট পাঠ্য ও শিখনক্রম বাস্তবে কতটা প্রয়োগযোগ্য, শিক্ষার্থীদের জ্ঞানের প্রথম স্তর না শিখিয়ে প্রয়োগ বা সৃজনশীল পাঠের অবতারণা কতটা যুক্তিযুক্ত, শিক্ষানীতির আগে শিক্ষাপদ্ধতি চালু এবং ঘন ঘন শিক্ষাপদ্ধতির বিভিন্ন রকমের পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে রীতিমতো গবেষণা দরকার।
আমাদের প্রাথমিক শিক্ষাকে কীভাবে আরও উন্নত, মানসম্মত, বাস্তবধর্মী, কর্মমুখী ও প্রয়োগযোগ্য করে তোলা যায়, এ নিয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উচিত হবে নিবিড় গবেষণা ও জরিপ চালু করা। এ ক্ষেত্রে আগ্রহী প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই গবেষণার সঙ্গে যুক্ত করা যেতে পারে। শিক্ষকদের মতামত, মাঠপর্যায় থেকে লব্ধ অভিজ্ঞতা-জ্ঞানকে সমন্বিত করে গবেষণার উপাত্ত হিসেবে গ্রহণ করা যেতে পারে। তাহলে হয়তো আমরা ইতিবাচক কিছু পাব।
তাসনীম চৌধুরী, শিক্ষক, মৌলভীবাজার।