প্রাথমিক সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে কোনো রকম গবেষণা না করে প্রাথমিক শিক্ষার্থীদের ওপর সমাপনী পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার আগে গবেষণা করে সম্ভাব্যতা যাচাই করা উচিত ছিল না? এই নীতি প্রণয়নের আগে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার দরকার ছিল।
পরীক্ষামূলকভাবে যদি এই পরীক্ষা নেওয়াও হয়, তাহলেও গত কয়েক বছরের ফলাফল দেখে এই পরীক্ষা বন্ধ করা উচিত ছিল। আমি ভিকারুননিসা, সিদ্ধেশ্বরী ও মতিঝিল আইডিয়ালের একজন অভিভাবক, এ ছাড়া একজন গৃহশিক্ষকও। এই তিনটি স্কুল ছাড়াও আমি আরও পাঁচটি স্কুলের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁদের একজনও এই পরীক্ষার পক্ষে মত দেননি।
৯ মার্চ ২০১৪ প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ‘৭৫% শিক্ষার্থী ভালোভাবে শিখছে না’ তারপরও ওপরের শ্রেণিতে উঠে যাচ্ছে। তাহলে এদের ঠেলে পরীক্ষার হলে পাঠিয়ে পরীক্ষাকে একটা ভয়ংকর জিনিসে পরিণত করে কি শিশুদের লেখাপড়ার আগ্রহ বাড়ছে?
সরকার কোচিং–বাণিজ্য বন্ধ করার জন্য প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে লটারি শুরু করল। ভেবেছিলাম, যাক বাঁচা গেল। কিন্তু সমাপনী পরীক্ষা চালু করার ফলে কী হলো। আগে এক বছর ভর্তি কোচিং করালে একটি শিশুকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে কোনো বেগ পেতে হতো না, কারণ ওই এক বছরে তার শিক্ষার ভিত্তি এতই মজবুত হতো যে বাসায় গৃহশিক্ষক ছাড়া কয়েক বছর পড়তে পারত।
আর এখন সমাপনী পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীকে কোচিংয়ে দেওয়া হয়। এতে চার বছর এবং এরপর জেএসসির জন্য পরের তিন বছর এসএসসির জন্য পরের দুই বছর মোট নয় বছর ক্লাস কোচিং করতে হবে।
এবার আমার প্রশ্ন, এক বছর ভর্তি কোচিং ভালো ছিল না, নয় বছর? শিশুকে বড় হতে দিন তার মনের মতো করে, কোনো কষ্ট চাপিয়ে দিয়ে নয়। শিশু বড় হবে মুক্ত বিহঙ্গের মতো, লেখাপড়াকে ভালোবেসে সে বেড়ে উঠবে।
তাহলে সে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
লিপি হেদায়েত
ঢাকা।