
হরতাল-অবরোধের মধ্য দিয়ে দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করছে। সারা দেশে গুলি, ভাঙচুর, মারামারি, হত্যা, গণগ্রেপ্তার চলছে। বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন, তাঁর গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাতে রংপুরে বাসে পেট্রলবোমা দিয়ে চারজনকে পুড়িয়ে মারা হয়েছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।
বছরের শুরুতেই শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, পরীক্ষা পেছানোর কারণে সেশনজটের সম্ভাবনা নতুন কিছু নয়। বাজারে সবজি থেকে শুরু করে সব নিত্যপণ্যের দাম লাগামহীন।
বড় দুই দল নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে। ঘটছে প্রাণহানি। আতঙ্কে আছে সাধারণ মানুষ। দুই দলের আলোচনা কিংবা সংলাপের কোনো লক্ষণ নেই। অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রধান দুই দলের নেত্রীদের কাছে অনুরোধ, আপনারা একে অপরকে দোষারোপ না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।
এ কে এম কায়সারুল আলম
লালমনিরহাট।