পড়াশোনা করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের সাত কিলোমিটার পশ্চিমে ঢাকা-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর পাশে নয়নাভিরাম পরিবেশে অবস্থিত ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে কলেজটি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) চালু করা হয়েছে, যার অধীনে আটটি বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

বর্তমানে এটি সমস্যায় জর্জরিত। এর প্রধান কারণ হলো এখানে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হয়নি।
মা-বাবার কর্তব্য শুধু সন্তান জন্মদানই নয়, তার সঠিক জীবনযাত্রা নিশ্চিত করাও তাদের কাজ—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাথায় এ কথা রাখা উচিত। এ অবস্থায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কলেজে বর্তমান শিক্ষার্থীদের জন্য আবাসন বা ক্লাসরুমের কোনো অভাব নেই। আগামী কয়েক শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্যও এগুলোর অভাব হবে না। কিন্তু এই প্রযুক্তিগত শিক্ষার জন্য প্রধান দরকার পর্যাপ্ত শিক্ষক ও উপকরণ।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় আমাদের কলেজ থেকে অনেক দূরে হওয়ায় একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে নানা সমস্যা হচ্ছে। এ অবস্থায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা অনুসারে কলেজটিকে তার বিশ্ববিদ্যালয়ের অনুষদ করা হলে আমরা উপকৃত হব বলে মনে করছি।
মো. খোরশেদ,
শিক্ষার্থী, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ।