এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রে পরিবর্তন আনা হয়েছে। অথচ এ বছরের প্রথম তিন মাস হরতাল–অবরোধে নষ্ট হলো, আর তারপর এখন নানা জায়গায় হচ্ছে বন্যা। ইংরেজি বিষয়ের ৭, ৮, ৯, ১০, ১১ নম্বর প্রশ্ন এবার নতুন সংযোজন করা হয়েছে। এ প্রশ্নপত্রে ২০ শতাংশের বেশি শিশু পাস করতে পারবে না। কারণ, এসব প্রশ্ন তাদের জন্য প্রযোজ্য নয়।
আবার ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস-ই নেই। এই শিশুদের কম্প্রিহেনশন ও চিঠি লিখতে বলা হয় আনসিন প্যাসেজ থেকে। এই ভয়ে শিশুরা আত্মহত্যার কথা ভাবে। তারা বলে, জীবনে যদি পঞ্চম শ্রেণি না আসত! অথচ এই প্রশ্নের ৭ নম্বরে আর্টিকেল, ৮ নম্বরে ট্রান্সলেশন, ৯ নম্বরে ভার্ব, ১০ নম্বরে এ কনভার্সন অব সেন্টেন্সেস, ১১ নম্বরে নাম্বার অ্যান্ড জেন্ডার থাকতে পারত। সেটা হলে শিক্ষা অনেক বাস্তবমুখী হতো।
গণিত পরীক্ষায় এই শিশুদের ৫০-৫২টি অঙ্ক করতে হয়। আপনারা ভেবে দেখুন, পঞ্চম শ্রেণির একটি শিশু কীভাবে আড়াই ঘণ্টায় ৫০টি অঙ্ক করবে। বহুনির্বাচনী ৩৪টি অঙ্কের পর যোগ্যতাভিত্তিক ৩টি প্রশ্ন দেওয়ার প্রয়োজন ছিল না, সেখানে দুটি অঙ্ক দেওয়া যেত। বাংলা, সমাজ, বিজ্ঞান, ধর্ম প্রভৃতি বিষয়ও একইভাবে চলছে।
শিশুদের যদি কিছু শেখাতে হয়, তাহলে এমন ধারার প্রশ্নপত্র করা থেকে বিরত থাকতে হবে। এমন প্রশ্নপত্র করতে হবে, যাতে ওরা শিখতে পারে। অর্থাৎ বাস্তবমুখী সিলেবাস প্রণয়ন করতে হবে।
তৃপ্তি সরকার, ঢাকা।