পয়োনিষ্কাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অভিজাত এলাকা গুলশানের পূর্ব পাশে বাড্ডার অবস্থান। এই এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। বহুদিন আগে সেখানে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রায় সব রাস্তায় দেখা যায়, মলমূত্র নিষ্কাশনের বা ময়লা পানি বেরোনোর আলাদা কোনো ড্রেন নেই। একই পয়োনিষ্কাশন পাইপের মধ্য দিয়ে মলমূত্র ও ময়লা পানি নিষ্কাশন করা হয়।
ফলে পাইপগুলো অধিক পানি ও মলমূত্রের চাপে ফেটে গেছে। এতে রাস্তা ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই দেখা যায়, নিষ্কাশনের জায়গা না থাকায় রাস্তা পানিতে সয়লাব হয়ে যায়। অনেক রাস্তায় মাসের পর মাস পানি জমে থাকে। মলমূত্র মিশ্রিত পানিতে হেঁটে গেলে অনেকক্ষণ পর্যন্ত পায়ে/স্যান্ডেলে মলের গন্ধ থাকে। ফলে জনগণ খুব কষ্ট করে চলাচল করে। আবার গোদের উপর বিষফোড়ার ন্যায় আরম্ভ হয়েছে হাউজিং কোম্পানিগুলোর তৎপরতা। তারা বড় বড় ট্রাকে করে ইট, বালু, রড আনে। এসব মালামালের ওজনের কারণে রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে। হাউজিং কোম্পানিগুলো কাজ শেষে ফ্ল্যাট বিক্রি করে চলে যায়। কিন্তু তারা রাস্তা ঠিক করে না। স্থানীয় প্রশাসনের উচিত, এদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা। জরিমানার অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পুনর্নির্মাণ করা যেতে পারে।
তবে সেটাই শেষ নয়। পানি ও মলমূত্রের জন্য আলাদা পয়োনিষ্কাশন ব্যবস্থা করতে হবে। তা না হলে এলাকার মানুষের দুর্গতি শেষ হবে না।
মো. আমিনুর রহমান
বাড্ডা, ঢাকা।