ফরম পূরণ বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আর তাই আমরা শিক্ষা চাই। শিক্ষা এখন বাণিজ্যের রূপ নিয়েছে। এ বাণিজ্য শুধু শহরের প্রতিষ্ঠানগুলোতে চলে, এমনটা ভাবলে সত্যিই অনেক বড় ভুল হবে। গ্রামের প্রতিষ্ঠানগুলোও কম যায় না!
সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখন চলছে এসএসসি পরীক্ষার ফরম পূরণ। ফরম পূরণের আগে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা দিতে হয়। নির্বাচনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তাদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান অনুমতি দেয় ফরম পূরণের। রহস্য শুরু এখান থেকেই! যারা পাস করে, তাদের ফরম পূরণ করতে গুনতে হয় প্রতিষ্ঠান কর্তৃক ধার্যকৃত নির্দিষ্ট অঙ্কের টাকা। আর কর্তৃপক্ষ এই অঙ্কটা নিজের ইচ্ছামতো ধার্য করে। শিক্ষার্থীদের সেটা দিতে হয়। অভিযোগ করার জায়গা নেই, কোথায় জানাবে তারা অভিযোগ?
কিন্তু নির্বাচনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়নি, তাদের নির্দিষ্ট ফির তিন-চার গুণ বেশি টাকা দিয়ে ফরম পূরণ করতে হয়। কারণ, কোনো অভিভাবকই চান না টাকার জন্য তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। অভিভাবকদের আরও একটি অভিযোগ হলো, টাকার জন্য অনেক শিক্ষার্থীকে ইচ্ছে করেই ফেল করিয়ে দেন শিক্ষকেরা। দেখা যায়, যে শিক্ষাপ্রতিষ্ঠানে ফাইনাল পরীক্ষায় প্রায় শতভাগ পাস করে শিক্ষার্থীরা, একই প্রতিষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় পাস করে মাত্র ৩০-৪০ শতাংশ। এই শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা কী করব!
মো. শরীফ, কুমিল্লা।