আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, কমলা, আপেল, মাল্টা, আঙুর প্রভৃতি ফল আমাদের খাদ্যতালিকায় প্রায়ই থাকে। এর মধ্য কিছু মৌসুমি ফল থাকলেও সেগুলো বাজারে সারা বছরই পাওয়া যায়। বাজারে ফরমালিনযুক্ত ফলের অভাব নেই। অধিক ভিটামিনের আশায় বেশি টাকা দিয়ে আমরা আসলে ভিটামিন নয় বিষ কিনে খাচ্ছি।
আমাদের দেশের সরকার এ বিষয়ে ইদানীং সচেতন হলেও তা শুধু মৌসুমি সচেতনতা। আমের মৌসুমে বাংলাদেশের বিভিন্ন স্থানের মোবাইল কোর্ট অপরাধীদের জরিমানা করেন। তবে সেটা সাময়িক। যেভাবে ফরমালিনের ব্যবহার চলছে, তাতে দিনে পাঁচবার মোবাইল কোর্ট পরিচালনা করলেও দেশকে ফরমালিনমুক্ত করা যাবে না। অথচ বছরে একবার মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার দেশকে ফরমালিনমুক্ত করতে চায়। এভাবে চলতে থাকলে বিষযুক্ত ফলফলাদিই হবে আমাদের নিত্যদিনের খাবার টেবিলের খাদ্য। নিয়মিতভাবে ফরমালিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করলে ফরমালিনমুক্ত দেশ গড়া সম্ভব হবে।
মো. আজিনুর রহমান, নীলফামারী।