বাজারে এখন গ্রীষ্মের ফল পাওয়া যাচ্ছে। আম, কাঁঠাল, লিচু, জামসহ নানান দেশীয় ফলে বাজার এখন সয়লাব।
বর্ষার এই ফলগুলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঝুড়িতে ঢাকায় আনা হয়। এই ঝুড়িগুলোতে ফলের পাতা, বনজ পাতা, কলাপাতা দিয়ে ঠেসে ফল ভরে ট্রাক-ট্রলার দিয়ে বাজারে আনা হয়। ফল যাতে নষ্ট না হয়, তাই এই ব্যবস্থা।
সমস্যা হচ্ছে এই ঝুড়িভর্তি পাতা নিয়ে। আড়ত, কাঁচাবাজার, খুচরা বাজার—সব জায়গাতেই এই পাতাভর্তি ঝুড়ি যত্রতত্র ফেলে রাখা হয়। এতে রাস্তাঘাট নোংরা হয়, মূল সড়ক সংকীর্ণ হয়ে যায়, ড্রেন আটকে যায়। দুর্গন্ধে নাজেহাল হচ্ছে নগরবাসী, পাতা, ঝুড়ি, ফলের খোসা, আঁটি ড্রেনের মুখ বন্ধ করে দেয়। এতে বৃষ্টির সময় ড্রেন দিয়ে পানি সরতে না পেরে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পচা ও দুর্গন্ধময় ওই পানি পায়ে লেগে বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। স্কুলগামী শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
আইন করে এই সমস্যার সমাধান করা যাবে না, দরকার একটু সচেতনতার। কেননা, এই শহর আমার, এই মনমানসিকতা মনের ভেতর তৈরি হলেই শহর পরিষ্কার–পরিচ্ছন্ন হবে।
তাই আড়তদার, খুচরা ব্যবসায়ীসহ ভোক্তা সবার দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা আমাদের শহরকে সুন্দর রাখি। কেননা, সুন্দর শহর সুন্দর পরিবেশের জন্ম দেয়।
মো. রফিক, ঢাকা।