দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ছোট ছোট ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণের সময় জামানত হিসেবে ব্যবসার মালামালের পাশাপাশি তারিখবিহীন ফাঁকা চেক গ্রহণ করছে। ঋণগ্রহীতা নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক ঋণগ্রহীতার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করছে।
এ যেন অনেকটা গ্রামের সুদখোর মহাজনের মতো। এ কারণে বর্তমানে আদালতগুলোতে প্রতিদিনই চেক ডিজঅনারের মামলা দায়ের হচ্ছে। আর একবার মামলা হলে বাস্তবে দেখা যায় ঋণ আদায় বেশ ঝামেলাপূর্ণ এবং সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। বর্তমানে সরকারি ব্যাংকসহ বেসরকারি ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ অনাদায়ি হয়ে পড়েছে বলে আমানতকারীসহ সরকারকেও চাপের মুখে পড়তে হচ্ছে। আমানতকারীর স্বার্থও হুমকির মুখে পড়ে যাচ্ছে।
ব্যাংকসমূহের ঋণ প্রদান করার উদ্দেশ্য শুধু সুদ আয় করা নয়। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের গতি সচল রাখা। প্রকৃত ব্যবসায়ীকে ঋণ প্রদানপূর্বক নিয়মিত তদারকির মাধ্যমে ব্যবসায়িক পরামর্শ প্রদান করা, যাতে ঋণগ্রহীতা ঋণের টাকা যথাযথভাবে বিনিয়োগ করে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। এতে ব্যবসা টিকে থাকবে পাশাপাশি ব্যাংকঋণও পরিশোধ হবে।
এস এম রেজাউল ইসলাম, ঢাকা।