আজকাল কিছু ঘটনা থেকে বলা যায়, বাংলাদেশের কোনো পথই আর সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। কারণ, সড়কপথ, রেলপথ, নৌপথ, যা-ই হোক না কেন, আমাদের দেশে দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক। তাই বিশেষ করে ঢাকার সড়কপথে দুর্ঘটনা কমাতে প্রতিটি রাস্তার দুপাশে একটি করে দুটি ফুটপাত দেওয়া হয়েছে।
এই ফুটপাতগুলোয় পথচারীদের জন্যই নিরাপদ; বিশেষ করে নারী ও শিশুদের জন্য তা আরও বেশি নিরাপদ। কিন্তু সমস্যা হয় তখন, যখন আমাদের সমাজের কিছু বিবেকহীন মানুষ তাদের মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে ফুটপােত উঠে পড়ে।
এর চেয়ে আরও বেশি পরিতাপের বিষয়, এই দৃশ্য আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বোধের মতো তাকিয়ে দেখে। আমার প্রশ্ন, যদি ফুটপাতে সাইকেল ও মোটরসাইকেলই চলে, তবে এটি মূল রাস্তা থেকে পৃথক করারই কী দরকার ছিল? আবার দায়িত্বরত পুলিশ বাহিনী যদি এমন অনিয়ম দেখার পরও চুপ থাকে, তবে এই বাহিনীরই বা কী দরকার?
যাহোক, এ ঘটনা চলতে থাকলে নিরাপদ ফুটপাতও হয়ে যায় মানুষের জন্য অনিরাপদ। তাই আমি পুলিশ বাহিনীকে বলব, যেসব ব্যক্তি এমন অনিয়ম করে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন, যাতে অন্যরাও এমন ন্যক্কারজনক কাজ থেকে দূরে থাকে।
অবশেষে আমি ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের ফুটপাতগুলো সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রুবেল আহমেদ, ঢাকা।