ফুলের বহুবিধ ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের উৎপাদন গত পাঁচ-ছয় বছরে অনেক বেড়েছে। বর্তমানে দেশের ২৪টি জেলার প্রায় ৩ হাজার ৫২০ হেক্টর জমিতে ফুলের উৎপাদন হচ্ছে। বিভিন্ন জাতের ফুল উৎপাদন ও বিক্রির হিসাবে দেখা যায়, গ্লাডিওলাস ফুলের উৎপাদন সবচেয়ে বেশি হয়, যার পরিমাণ ৯ হাজার ৯১৪ টন (৩১ শতাংশ)। এরপর পর্যায়ক্রমে রয়েছে গোলাপ ১১ হাজার ১৩২ টন (২৪ শতাংশ), রজনীগন্ধা ১০ হাজার ৮১৪ টন (১৭ শতাংশ), ম্যারিগোল্ড ১২ হাজার ৬২৪ টন (৮ শতাংশ), অন্যান্য ফুল বিক্রির পরিমাণ ২০ শতাংশ। বার্ষিক হিসাবে ২০১৪-১৫ সালে ফুল উৎপাদন হয়েছে ৫৭ হাজার টন, যা বিক্রি হয়েছে ৮০০ কোটি টাকায়।
ফুলশিল্প বিকাশের বিভিন্ন ক্ষেত্রে ২০০৯-১০ থেকে ২০১৪-১৫ সালের হিসাবে গড় প্রবৃদ্ধি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। নানা কারণেই সেটা ঘটেছে। কিন্তু এই শিল্পের কিছু সমস্যাও আছে, যেগুলো হলো: ফুল উৎপাদন প্রযুক্তির ওপর অনেক কৃষকের জ্ঞানের অভাব, অতিরিক্ত মূলধন ব্যয়, বাংলাদেশে ফুলের বীজ ও চারার অপ্রাপ্যতা, ঢাকাসহ বড় বড় শহরগুলোতে স্থায়ী পাইকারি ফুলের বাজারের অভাব, কৃষক থেকে খুচরা বিক্রেতা পর্যায়ে ২০ শতাংশ ফুল নষ্ট হওয়া, ফুল নিয়ে প্রয়োজনীয় গবেষণার অভাব ও একটি জাতীয় ফুলনীতি না থাকা। এসব সমস্যার সমাধান করা হলে ফুল উৎপাদন বাড়বে, ফলে আমরা ফুল রপ্তানিতেও ভালো করতে পারব।
মাহমুদ হোসেন
কৃষিবিদ, ঢাকা।