বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুক একটি অন্যতম সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত। ফেসবুকের মাধ্যমে আমরা অতি সহজেই ঘরে বসে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারি, বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে পারি, সর্বোপরি পরস্পর পরস্পরের সঙ্গে সুখে-দুঃখে যোগাযোগ তথা সংযুক্ত থাকতে পারি।
কিন্তু এখানে এই বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার নয় যে আমাদের ছাত্রসমাজ আজ ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকের সঙ্গে
যুক্ত থেকে তাদের সম্ভাবনাময় বিপুল সময় নষ্ট করছে।
মাত্রাতিরিক্ত ফেসবুক ব্যবহারের ফলে দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা, অনেকেই বিকৃত তথ্য এমনকি ধর্মীয় উসকানিমূলক তথ্য পরিবেশন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে; অনেকেই আবার জড়িত হচ্ছে সাইবার অপরাধের সঙ্গে। আবার অন্যকে ফাঁসানোও হচ্ছে।
ফেসবুকের ইতিবাচক প্রভাবের চেয়ে নেতিবাচক প্রভাবই আজ আমাদের ওপর বেশি পড়ছে। আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে একদিন না একদিন এর জন্য আমাদের চরম মূল্য দিতে হবে। আসলে দোষটা তো ফেসবুকের নয়, দোষটা আমাদের। আমরা আসলে ভালো জিনিসের ভালো ব্যবহার করতে জানি না, পারি না।
কেননা, অনুমান করলে দেখা যায় যে, আমাদের ছাত্রসমাজ আজ যে সময়টা ফেসবুকের পেছনে ব্যয় করছে, তা যদি তারা পাঠ্যবইয়ের পেছনে ব্যয় করত, তাহলে মনে হয় আমাদের শিক্ষার মান আরও উন্নত হতো। এমনকি তারা ফেসবুকের সদ্ব্যবহারও করছে না। সেটা করলে ফেসবুক থেকে কিছু উপকার আমরা পেতাম।
বিষয়টি নিয়ে আমাদের ভাবা উচিত।
মো. খবির উদ্দিন, জামালপুর।