ফ্রিল্যান্সিং কাজটিকে অনেকেই পেশা হিসেবে নিয়েছেন। অনেক তরুণ-তরুণী এর মাধ্যমে তাঁদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে। দেশের ফ্রিল্যান্সাররা নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতিনিয়ত এই ক্ষেত্রটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোদ্দা কথা, ফ্রিল্যান্সিং অপার সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
ফ্রিল্যান্সারদের বিভিন্ন কাজ সম্পাদন করতে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে তাঁদের রাতের পর রাত জেগে কাজ করতে হয় প্রজেক্ট শেষ করতে। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে কাজ সম্পাদন করতে না পারলে তাঁদের বদনাম হওয়ার পাশাপাশি দেশের সুনাম ক্ষুণ্ন হবে। তা ছাড়া এর প্রভাব অন্যান্য দেশীয় ফ্রিল্যান্সারদের ওপরেও পড়বে, যেটা কোনোভাবেই কাম্য নয়। ফ্রিল্যান্সারদের এই কষ্টার্জিত অর্থ এ দেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যাপকভাবে অবদান রাখছে। সেই সঙ্গে বেকার সমস্যারও লাঘব হচ্ছে। সরকারের কাছে প্রত্যাশা থাকবে, এঁদের আরও উৎসাহিত করার জন্য জাতীয় পুরস্কার দেওয়া হোক। এতে তঁারা রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি পাবেন। আরও অনেকেই এই পেশায় আসার আগ্রহ দেখাবেন। যেটা আমাদের দেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
মো. আরিফুর রহমান, ঢাকা।