ঢাকার আশপাশের চারটি নদীর অন্যতম একটি হলো বংশী নদী। সাভারের সেই বংশী নদী মারাত্মকভাবে দখল আর দূষণের শিকার হচ্ছে। নদীর তীর দখল করে শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। শিল্প কলকারখানার দূষিত বর্জ্য সরাসরি নদীতে এসে পড়ছে। ফলে নদী তার অস্তিত্ব হারাতে বসেছে।
নদীর তীরে বাঁধ দিয়ে বালু কিংবা মাটি ফেলে প্রভাবশালী কয়েকটি চক্র দখল উৎসবে মেতেছে। বালু ব্যবসায়ীরা নদী দখল করে ব্যবসা করছেন। একশ্রেণির নদীখেকো চক্র নদীর তীর দখল করে আধা পাকা স্থাপনা ও পোশাক কারখানা করেছে। ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে সামগ্রিক পরিবেশ।
দখল ও দূষণের হাত থেকে বংশী নদী বাঁচাতে সঠিকভাবে তদারক করতে হবে। নদীর যেসব অংশ দখল হয়েছে, সেসব অংশ পুনরুদ্ধার করে দখলদারদের আইনের আওতায় আনতে হবে।
ঢাকার আশপাশের সব নদীই দখল-দূষণে ধুঁকে ধুঁকে মরছে। এখন প্রশাসন কঠোর না হলে এই নদী বাঁচানোও কঠিন হয়ে পড়বে।
সাধন সরকার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।