বই ও ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে উচ্চমাধ্যমিক পর্যায়ে একাধিক প্রকাশনীকে পাঠ্যবই প্রকাশের অনুমোদন দেওয়ায় একই বিষয়ের ওপর প্রায় সাত-আটটি বই বাজারজাত করা হচ্ছে। এতে করে হিমশিম খাচ্ছেন শিক্ষকসহ শিক্ষার্থীরা। বিগত বছরে যেখানে বিষয়ভিত্তিক দু-তিনজন লেখকের প্রকাশিত বই অধ্যয়ন করলেই ভালো ফল করা যেত, সেখানে বর্তমানে শিক্ষার্থীরা পাঁচ-ছয়জন লেখকের বই পড়েও আশানুরূপ ফল অর্জন করতে পারছে না। বিগত বছরগুলোতে সৃজনশীল প্রশ্নকাঠামো ছিল না। কিন্তু বর্তমানে প্রশ্নকাঠামো সৃজনশীল হওয়ায় শিক্ষার্থীদের পক্ষে এক বিষয়ে সাত-আটটি বই নখদর্পণে রাখা সম্ভব হচ্ছে না। তাই এত প্রকাশক/প্রকাশনীকে পাঠ্যবই বাজারজাত করার অনুমতি না দিয়ে সর্বোচ্চ দু-তিনটি প্রকাশনীকে অনুমোদন দিলে শিক্ষার্থীদের পক্ষে পাঠ অনুশীলন করা সহজ হবে।
আরেকটি বিষয়, সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা যেমন একটি প্রশ্নে একই দিনে একযোগে অনুষ্ঠিত হয়, ঠিক সেভাবেই সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও সব সাধারণ বিশ্ববিদ্যালয়কে প্রথমে মেডিকেল কলেজের মতো গ্রেডিং করে নিতে হবে। অতঃপর অভিন্ন প্রশ্নে একযোগে একই দিনে একই সময়ে পরীক্ষা নিতে হবে। এতে করে ভর্তি–বাণিজ্য ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে। বন্ধ হবে শিক্ষার্থী হয়রানিও।
মুশতারী সরকার, বগুড়া।