বখাটেপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বখাটেদের দৌরাত্ম্য। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রামেও বখাটেপনা যে হারে বেড়েছে, তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। স্কুল-কলেজগামী মেয়েরা বখাটেদের অত্যাচারের শিকার হচ্ছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কোমলমতি মেয়েদের শারীরিকভাবে আঘাত করা হচ্ছে। পরিণামে এই মেয়েদের অনেকে আত্মহত্যা করছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করা এখন সময়ের দাবি।
পারিবারিক ও সামাজিক অনুশাসন ফিরিয়ে আনতে এবং নতুন করে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। এই সামাজিক ব্যাধি নির্মূলে প্রত্যেক সচেতন নাগরিককে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যদি পরিবর্তন আনতে হয়, তাহলে সরকারকে এটা করতেই হবে। সবচেয়ে বড় কথা, ভুক্তভোগীদের প্রতিবাদ করতে হবে। সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বখাটেরাও কোনো না কোনো পরিবারের সদস্য। কোনো পরিবারের সদস্য বখে গেলে তার দায়দায়িত্ব ওই পরিবারকেই বহন করতে হবে। তাদের সামাজিকভাবে দায়বদ্ধ করতে হবে। এটা একধরনের ভারসাম্য বজায় রাখার কাজ করবে। তাহলে হয়তো কিছুটা কাজ হবে।
আলমগীর ইমন, চট্টগ্রাম।