বগুড়ায় এফএম বিবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি একটি পুরোনো আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা। স্বাধীনতার আগে থেকেই বাংলায় বিবিসির অনুষ্ঠান সম্প্রচার করা হয়। দেশ-বিদেশের সংবাদ বা ঘটে যাওয়া ঘটনাগুলো যথাযথ ও নিরপেক্ষভাবে উপস্থাপনের এক শক্তিশালী মাধ্যম বিবিসি। বিশ্বব্যাপী শর্টওয়েভে বিবিসি সম্প্রচারের পাশাপাশি এফএম তরঙ্গেও বিবিসি তার অনুষ্ঠানমালা সম্প্রচার করে থাকে।
বাংলাদেশের কয়েকটি শহরে এফএম তরঙ্গে বিবিসি শোনা যায়। অথচ বগুড়া বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শহর ও এখানকার জনসংখ্যার একটি বিরাট অংশ শিক্ষিত এবং শিক্ষার্থীর সংখ্যা যথেষ্ট হওয়ার পরও এখানে বিবিসি সম্প্রচারের জন্য কোনো এফএম ট্রান্সমিটার নেই। শর্টওয়েভে বিবিসি শুনতে যে রেডিও কেনা প্রয়োজন, তার প্রতি আর মানুষের আগ্রহ নেই। ফলে এখানকার শিক্ষিত-অশিক্ষিত লোকজন বা শিক্ষার্থীরা বিবিসির মতো একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুষ্ঠান শোনা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাঁদের মধ্যে যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সঠিক জ্ঞানের ঘাটতি হচ্ছে, তা নিঃসন্দেহে বলা যায়।
সুতরাং বগুড়ায় বিবিসির সম্প্রচার নিশ্চিত করার জন্য এফএম ট্রান্সমিটার স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিবিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোত্তালেব হোসেন
বগুড়া।