১৯৮৮ সালে বগুড়া জেলার কাহালুতে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে দরগাহাট এলাকায় ২৫ একর জমি অধিগ্রহণ করে প্রায় ৮ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে ১০০ কিলোহার্টজ ক্ষমতাসম্পন্ন একটি বেতারকেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, উচ্চশক্তির প্রেরণ কেন্দ্রটি ২৮ বছরেও পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিষ্ঠার পর থেকে বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নাট্যকর্মীরা এটিকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালুর দাবি জানিয়ে আসছেন। এই অঞ্চলের সাংস্কৃতিক সংগঠনগুলো একে ঘিরে আরও বিকশিত হতে পারত।
উল্লেখ্য, এখানে পূর্ণাঙ্গ বেতারকেন্দ্র চালুর জন্য যান্ত্রিক সব ধরনের সুবিধা আছে। এখন সরকার সিদ্ধান্ত দিলে ও আলাদা সম্প্রচার ভবন করলেই এটি চালু করা যাবে। বগুড়া আঞ্চলিক প্রেরণ কেন্দ্রটি পূর্ণাঙ্গ কেন্দ্র করার দাবিটি শুধু বগুড়ার নয়, এই অঞ্চলের মানুষের। কেন্দ্রটি চালু হলে এই এলাকা থেকে অনেক শিল্পী বেরিয়ে আসবেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের খবর ও জনগুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষ জানতে পারবে। িকন্তু কেন তা করা হচ্ছে না, তা মোটেই বোধগম্য হচ্ছে না।
জামালপুর।