বঙ্গবন্ধু ও প্রিয় মামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫-এর আগস্ট মাসে সদ্য এইচএসসি পাস করে ঢাকায় আসি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশায়। ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই ভর্তি ফরম নেওয়ার জন্য। গিয়ে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাজসাজ রব। পরদিন সমাবর্তন উৎসব, বঙ্গবন্ধু প্রধান অতিথি। ১৫ আগস্ট খুব ভোরে মামার ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। মামা পাশের বায়তুল মামুর মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে এসেছেন। ঘুম থেকে উঠিয়ে আমাদের বললেন, ‘এই এসব কী শুনছি, শেখ মুজিবকে নাকি মেরে ফেলা হয়েছে?’
ভীষণ উদ্বিগ্ন মামা, আমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আরামবাগের ভেতর দিয়ে মতিঝিল যাই, গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হই এবং দ্রুত বাসায় ফিরে এসে মামাকে জানাই। ততক্ষণে মামা কোরআন শরিফ তিলাওয়াত শুরু করেছেন। পরবর্তী তিন দিন মামা কারও সঙ্গে কোনো কথা বলেননি।
বঙ্গবন্ধুর মৃত্যুতে তিনি যে কী রকম শোক পেয়েছিলেন, তা এখনো আমার চোখে ভাসে। প্রতিবছর ১৫ আগস্ট এটি আমাকে ভীষণ নাড়া দেয়। বঙ্গবন্ধুর এ রকম একজন একনিষ্ঠ ভক্ত খুব কমই দেখেছি। প্রয়াত প্রিয় মামা, তোমাকে স্যালুট।
মো. জহিরুল হাসান
উত্তরা, ঢাকা।