বদান্যতায় সামাজিক মাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ঠিক কিছুদিন আগে থেকে একটা জিনিস খুব খেয়াল করলাম। সেটা হলো কিছু কিছু সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্নভাবে ঈদ উদ্‌যাপনের জন্য সাহায্য–সহযোগিতা করছে। কেউ জামা দিচ্ছে, কেউ সেমাই–চিনি দিচ্ছে, কেউ কেউ শিশুদের ঈদে ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে, আবার কেউ কেউ প্রবীণদের ভালোভাবে ঈদ উদ্‌যাপনের ব্যবস্থা করছে। এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর অনেকে নানা মন্তব্য করে যাচ্ছে। কেউ বলছে দান করে দেখানোর দরকার কী, আবার কারও কারও মত, হ্যাঁ এটা ভালো কাজ।

একটু মনে করে দেখবেন, চার–পাঁচ বছর আগেও ঈদ বা রোজার আগে থেকেই বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম ও মাদ্রাসা সাহায্য চাওয়া শুরু করত। এখনো হয়, কিন্তু একটু ভিন্নভাবে। অনেক প্রতিষ্ঠান খুঁজে খুঁজে সুবিধাবঞ্চিত জায়গাগুলোতে সাহায্য পৌঁছে দিচ্ছে। এতে করে দুটি কাজ একসঙ্গে হচ্ছে। একটি হলো প্রকৃত অর্থে সুবিধাবঞ্চিত মানুষগুলোই সহায়তা পাচ্ছে; অন্যটি হলো মানুষ দেখে দেখে দান করার ব্যাপারে অনুপ্রাণিত হচ্ছে।

হাওরে সাহায্য পাঠানোর জন্য যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহৃত হয়েছে, তা সত্যিই আমাদের আশান্বিত করে। পাহাড়ের দুর্যোগেও একই চিত্র দেখা গেল। এটা অগ্রগতিই বটে, তথ্যপ্রযুক্তির ভালো ব্যবহারের স্বীকৃতি অর্জনে বাংলাদেশ শিগগিরই শীর্ষ দেশের তালিকায় চলে যাবে। সামাজিক ব্যবসাগুলোর সবচেয়ে বড় মূলধন সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বাড়াতে পারলে দুর্নীতিও অনেক কমে যাবে।

সাঈদ চৌধুরী, গাজীপুর।