টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা—কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিরাজগঞ্জ এবং উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মুন্সিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে।
পানিবন্দী হয়েছে লাখ লাখ মানুষ। অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছে। গৃহহীন এসব মানুষ খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। কোনো কোনো এলাকায় তীব্র নদীভাঙন এই দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে—বসতবাড়ি, চাষের জমি, সহায়-সম্বল সব হারিয়ে তারা একেবারে নিঃস্ব। তলিয়ে গেছে জমির ফসল, সবজিখেতসহ সবকিছু।
বন্যাকবলিত অসহায় এই মানুষের কাছে এখনো তেমন কোনো সরকারি বা বেসরকারি সাহায্য পৌঁছায়নি। দু-একটি এলাকায় যাও কিছু ত্রাণ বরাদ্দ হয়েছে, প্রয়োজনের তুলনায় তা খুবই নগণ্য। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, বন্যার্ত এসব নিরুপায় মানুষকে ন্যূনতম ত্রাণসাহায্য দিয়ে তাদের জীবন বাঁচান। এ ছাড়া সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। কারণ ‘মানুষ মানুষের জন্যই’। তাই আসুন আমরা যে যার সাধ্যমতো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যার্তদের পাশে দাঁড়াই।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।