বন্যা রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার শুধু বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে অকালে হাওর ভেসে গেছে, যে কারণে দেশে চালের সংকট সৃষ্টি হলো। সামগ্রিকভাবে বিষয়টি চিন্তা করলে দুর্নীতি মানুষকে হত্যা করার চেয়ে কম নয়। সংবাদমাধ্যম থেকে জানা যায়, অনেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা নাকি এই মৌসুমের অপেক্ষায় থাকেন! বাঁধের জন্য টাকা আসবে—সে টাকায় নিজেরা ভোগবিলাস করবেন!

বর্তমানে অতিবৃষ্টির কারণে প্রতিটি নদীর পানি বাড়ছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বড় বড় নদীর পানি। বন্যা রক্ষা বাঁধগুলো হুমকির মুখে পড়ছে। অসহায় মানুষগুলোর কান্না বাড়ছে। থাকার জায়গা নেই, খাবার নেই, পানি নেই—একটু ত্রাণের অপেক্ষায় লাখো মানুষ। ত্রাণ তো দিতে হবেই, তার সঙ্গে জরুরি যে ব্যবস্থাগুলো নিতে হবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্যা
রক্ষা প্রকল্প, অর্থাৎ বাঁধগুলোর তদারকি। বাঁধগুলোর যেসব জায়গায় ক্ষতি হয়েছে, সেসব জায়গা চিহ্নিত করে দ্রুত গতিতে বালুর বস্তা বা ইট ফেলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাঁধ রক্ষা করা গেলে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো যাবে, তাই এ ব্যাপারে সরকারের সতর্ক থাকা উচিত।

সাঈদ চৌধুরী

গাজীপুর।