বন্যার্তদের সাহায্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বর্ষণে সারা দেশে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, গত ২০০ বছরের ইতিহাসে এবার সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে। পানির ঢল, ব্যাপক নদীভাঙন আর প্রবল বন্যায় গৃহহীন, সহায়-সম্বলহীন হয়ে পড়েছে লাখো পরিবার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে রাস্তায়, স্কুল-কলেজে নির্ঘুম রাত পার করছে অসহায় মানুষগুলো, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর পানিবন্দী মানুষেরা প্রতিমুহূর্তে নিদারুণ কষ্ট সহ্য করছে। এ পরিস্থিতি আরও বেশ কদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশুদ্ধ খাবার পানির অভাবে সর্বত্র পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বন্যার্ত দরিদ্র মানুষগুলো অসহায় হয়ে তাকিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সারা দেশের বন্যার্ত সব মানুষকে সহযোগিতা করতে পারি। সবাই মিলে নিজেদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে এগিয়ে এলে আমরা সর্বোচ্চসংখ্যক বন্যার্ত দুস্থ মানুষের কাছে পৌঁছে দিতে পারি শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, পানিবাহিত রোগের ওষুধসহ অন্যান্য ত্রাণসামগ্রী। মানবতার সেবায় আসুন, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সরকারের পাশাপাশি আমরাও বন্যার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়াই।

মো. আবু তাহের মিয়া

পীরগঞ্জ, রংপুর।