রাজশাহী নগরের প্রমত্তা পদ্মা নদীর তীরে যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত বরেন্দ্র জাদুঘর। যেখানে ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে আছে অনেক কিছু। সম্প্রতি এই জাদুঘরকে নতুনরূপে সাজানো হয়েছে। বেড়েছে গ্যালারির সংখ্যা। ব্রিটিশ স্থাপত্যশৈলীতে নির্মিত এই অপরূপ ভবনটি দর্শনার্থীদের হাতছানি দেয় ইতিহাসের জীবন্ত সাক্ষী হওয়ার।
একটু ঢুকলেই হয়। কী নেই এখানে! সম্রাট বাবর থেকে আওরঙ্গজেব, বাঘা মসজিদ থেকে ষাটগম্বুজ মসজিদ। তুলট কাগজে হাতে লেখা পবিত্র কোরআন শরিফ, বিভিন্ন আমলের ধাতব মুদ্রা, গ্যালারিভর্তি কষ্টিপাথরের মূর্তি, বড় বড় মটকা, নবাব আমলের ঢাল-তলোয়ার, কাঁসার পাত্র, আধিবাসীদের তির-ধনুক, ধাতব অলংকার, বাদ্যযন্ত্র; খোদাই করা পাথর, বাংলার প্রকৃতিসহ অনেক কিছু। এ জাদুঘরটি সম্পর্কে মানুষকে জানানোর জন্য সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছি।
সবুজ সরকার ও আইয়ুব আলী
রাজশাহী কলেজ।