১৪ ডিসেম্বর, ২০১৪ প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত ‘মাধ্যমিক ইংরেজি বিষয়ে ২০ নম্বরের মৌখিক ও শ্রবণ পরীক্ষা’ শিরোনামে সংবাদটির সংক্ষপ্তি সারকথা নিম্নরূপ:
শিক্ষাসচিব প্রথম আলোকে বলেন, বাংলাদেশে বিদ্যালয়, এমনকি উচ্চশিক্ষার পরও অধিকাংশ শিক্ষার্থী প্রয়োজনীয় কথাবার্তা ইংরেজিতে বলতে পারেন না। অন্যের কথাও বুঝতে পারেন না। ব্যবহারিক জীবনেও এটা জানা জরুরি। আবার তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ায় বর্তমানে বিভিন্ন ক্ষেত্রেই ইংরেজি অপরিহার্য হয়ে পড়ছে। কর্মক্ষেত্রে যাতে কাজে লাগে, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কিছু নীতিগত সিদ্ধান্তও হয়েছে, ইতিমধ্যে একটি করণীয় পত্রও তৈরি করা হয়েছে।
এ সংবাদটির ওপর প্রথম আলো (১৬-১২-২০১৪) অনলাইন ভোটের পরিসংখ্যানটি হচ্ছে হ্যাঁ ভোট ৫৭.৬৯%, না ভোট ৪০.৩৯%, মন্তব্য নেই ২.০২%। মোট ভোটদাতা ৪ হাজার ৮৪০ জন।
এ ব্যবস্থা নিয়ে হয়তো সামনে অনেক বিষয় আলোচিত হবে, বিশেষত কার্যকর পদ্ধতি নিয়ে। এ প্রেক্ষাপটে শিক্ষাসচিবের সঙ্গে দৃঢ়কণ্ঠে একমত পোষণ করার পাশাপাশি একটি অভিমত বিনয়ের সঙ্গে ব্যক্ত করছি।
একটি উদাহরণ দিয়ে বলছি, বাংলাদেশের সংবিধানে ইংরেজি পাঠের সঙ্গে বাংলা পাঠের সংগতি সাধন করা হয়েছে। যেমন, ‘অনুচ্ছেদ-১৫: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা’-এর ইংরেজি কী হতে পারে তা কেউ জানতে চাইলে কারও সহায়তার প্রয়োজন হবে না। বরং এর যথাযথ উত্তরটি ওই বইটি থেকে পাওয়া যায়, ‘Article-15: Provision of basic necessities’—এই চমৎকার সহজ সমাধানটির মতোই কি একটি ব্যবস্থা চালু করা যায় না? সর্বত্র।
অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে যত ধরনের বই প্রকাশিত হয়, ওই বইগুলো হতে পারে বাংলাদেশের সংবিধানের মতো। যেখানে একটি পৃষ্ঠায় বাংলায় যা বলা হয়েছে, তার পাশের পৃষ্ঠায় সংগতিপূর্ণ ইংরেজি ভাষায় তা বলা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে বাংলা ও ইংরেজি ভাষা পাঠ করা যায় সহজভাবে।
জাহিদুল ইসলাম পাঠান
ময়মনসিংহ।