সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলার দামাল ছেলেরা সত্যিকার বেঙ্গল টাইগারের মতো লড়াই করে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রবল প্রতাপের সঙ্গে সিরিজ জয় করল। সেই সঙ্গে ক্রিকেট বিশ্বে স্থাপন করল বাংলাওয়াশের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে উঠে এল প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের নয় নম্বরে। শুধু তা–ই নয়, এবারের বাংলাওয়াশের মাধ্যমে অনেকখানি পাকাপোক্ত করল সেই স্থান। শাবাশ মুশফিক বাহিনী!
সদ্য সমাপ্ত সিরিজেই বাংলাদেশ ক্রিকেট দল যে অসাধারণ দলগত নৈপুণ্য দেখাল তা সত্যিই অভিনন্দনযোগ্য। ব্যক্তিনির্ভরতার বৃত্ত থেকে বেরিয়ে এসে একটি পরিপূর্ণ দল হিসেবে গড়ে ওঠার প্রমাণ বহন করে এই সাফল্য। তা একই সঙ্গে স্বাভাবিক ক্রীড়ানৈপুণ্যের ধারাবাহিক উন্নতিও নির্দেশ করে, যা স্বপ্ন দেখায় আরও বড় সাফল্যের। হাতছানি দেয় বিগত দিনের অপ্রাপ্তি পূরণের। নতুন আশায় বুক বেঁধে রঙিন স্বপ্নের জাল বোনে কোটি জনতা। এর মূল্য কম নয়।
ক্রিকেট আজ শুধু বাংলাদেশে একটি খেলার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। শত ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ও মতাদর্শের ভিন্নতা ভুলে আমরা একসঙ্গে উল্লসিত হই। আবার ব্যথিতও হই শুধু এই ক্রিকেটের কারণে।
তাই অব্যাহত থাকুক ক্রিকেটের এই জয়রথ। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ আবির্ভূত হোক সত্যিকারের পরাশক্তি হিসেবে। ইতিহাসের পাতায় লেখা হোক নতুন নতুন গৌরবোজ্জ্বল অধ্যায়। তা নিশ্চিত করতে হলে ক্রিকেট বোর্ডকে সুদূরপ্রসারী অনেক পরিকল্পনা গ্রহণ করতে হবে। বোর্ডের দক্ষ ব্যবস্থাপনাতেই ক্রিকেট দলের ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত হতে পারে। সেদিকে আপসহীন মনোযোগের বিকল্প নেই।
তারেক আজিজ, ময়মনসিংহ।