শেষমেশ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে গেল। খেলার আগে অনেকেই বলেছেন, এটা শুধু খেলা নয়, তার চেয়ে বেশি কিছু।
এই হার নিয়ে অনেক কথা হচ্ছে। এটা ঠিক আম্পায়ারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার মানে কি এই যে সেগুলো আমাদের বিপক্ষে না গেলে আমরা জিততাম। এমন সিদ্ধান্ত দেওয়া আম্পায়ারদের তরফ থেকে অপরাধের শামিল। ভারত বিশ্ব ক্রিকেটে পরাশক্তি, সেটা যেমন আর্থিকভাবে, তেমনি খেলার কারণেও। তারা বর্তমান চ্যাম্পিয়নও বটে। এ বিশ্বকাপে এখন পর্যন্ত তারা দুর্দান্ত খেলেছে। ফলে তাদের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে তার সেরাটা খেলতে হতো আর সঙ্গে ভারতকেও খারাপ খেলতে হতো।
কিন্তু সেই বাস্তবতা আমলে না নিয়ে আমরা খেলার আগের কয়টা দিন যেভাবে মনে উচ্চাশা তৈরি করেছি, তাতে আমাদের খেলোয়াড়দের ওপর অনাবশ্যক চাপ সৃষ্টি হয়েছে। আবার এটাও ঠিক, ভারত আইসিসির কাছ থেকে নানা সুবিধা নিচ্ছে বলে খবর বেরিয়েছে। এমনকি এ-ও শোনা যায় যে খেলার ভেন্যু পরিবর্তনও করা হয়েছে তাদের কারণে।
কথা হচ্ছে, এটি একটি খেলা। এটাকে নিছক বাণিজ্য বানানো মোটেই ঠিক নয়। আবার খেলা কেন্দ্র করে জাতীয়তাবাদী আবেগের যে উচ্চাশা তৈরি করা হয়, সেটাও আমাদের খেলোয়াড়দের জন্য খারাপ। খেলাকে খেলার মতো থাকতে দিন। খেলোয়াড়দের চাপমুক্ত হয়ে খেলতে দিন।
মিজানুর রহমান
ঢাকা।